আন্তর্জাতিক ডেস্ক
এক বছরের মধ্যে বিয়ে হবে—এমন বিশ্বাস থেকে ভারতের জয়পুরের বিখ্যাত মোতি ডুংরি গণেশ মন্দিরে মেহেদি নিতে ভিড় করেছেন বিপুলসংখ্যক মানুষ। মন্দির কর্তৃপক্ষের দাবি, মাত্র তিন ঘণ্টায় প্রায় ৩ হাজার ৫০০ কেজি মেহেদি বিতরণ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ১৩ সেপ্টেম্বর সিঞ্জারা উৎসব উপলক্ষে মন্দিরে বিপুলসংখ্যক ভক্ত জড়ো হন। বিশেষ মেহেদি বিতরণের খবর ছড়িয়ে পড়ায় দিল্লি, চণ্ডীগড়সহ ভারতের বিভিন্ন এলাকা থেকে মানুষ সেখানে আসেন। ভিড় সামাল দিতে নির্ধারিত সময়ের আগেই মেহেদি বিতরণ শুরু করতে হয়।
এক বছরের মধ্যে বিয়ের বিশ্বাস
মোতি ডুংরি গণেশ মন্দিরে ‘সিঞ্জারা মেহেদি’ ঘিরে বিশেষ লোকবিশ্বাস রয়েছে। প্রচলিত ধারণা অনুযায়ী, যাদের বিয়েতে দেরি হচ্ছে তারা মন্দিরে মেহেদি নিবেদন করে পরে তা হাতে লাগালে এক বছরের মধ্যে পছন্দের জীবনসঙ্গী পাওয়ার সুযোগ তৈরি হয়।
এই বিশ্বাস থেকেই অনেকে মন্দিরে মেহেদি নিতে দীর্ঘ সময় অপেক্ষা করেন। অনেকে আগের রাতেই মন্দির এলাকায় পৌঁছে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে মন্দিরের বাইরে দীর্ঘ সারি ও মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। অতিরিক্ত ভিড়ের কারণে আশপাশের সড়কে যান চলাচলেও বিঘ্ন ঘটে। মন্দির চত্বরে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে মহারাষ্ট্রের এক নারী ভক্ত ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন বলেও অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বিষয়টি নিয়ে রসিকতা করেছেন, আবার কেউ বিয়ের আগে ব্যক্তিগত প্রস্তুতির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন।
গণেশ চতুর্থীকে কেন্দ্র করে সিঞ্জারা উৎসব পালন করা হয়। সারা বছরই মোতি ডুংরি গণেশ মন্দিরে ভক্ত ও পর্যটকদের আনাগোনা থাকলেও উৎসবের সময় সেখানে মানুষের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিয়ে ঘিরে বিভিন্ন লোকবিশ্বাসের সঙ্গেও মন্দিরটির সম্পর্ক রয়েছে।
