
বিমান ভাড়া কমিয়ে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। গত বছরের তুলনায় হজ ফ্লাইটের বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ ঘোষণা দেন।
ধর্মমন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় এবার দুটি হজ প্যাকেজ রাখা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১-এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২-এর ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজ-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
তিনি বলেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবার হজ ফ্লাইটের বিমান ভাড়া উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী আরও জানান, তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সিগুলোকে নিবন্ধন কার্যক্রম শুরুর আগে সৌদি সরকারের নির্ধারিত ন্যূনতম কোটার ভিত্তিতে গ্রুপ গঠন করতে হবে। সরকার নির্ধারিত সাধারণ হজ প্যাকেজ গ্রহণ বাধ্যতামূলক হলেও গ্রুপভুক্ত এজেন্সিগুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে অতিরিক্ত তিনটি প্যাকেজ ঘোষণা করতে পারবে। তবে সরকার ঘোষিত হজ প্যাকেজ-২-এর চেয়ে কম মানের সেবা দিয়ে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না।