বিনোদন ডেস্ক

অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও পরিচিত রাফিয়াত রশিদ মিথিলা। তবে তাঁর উচ্চশিক্ষার বিষয় বাছাইয়ের পেছনের গল্পটি বেশ অন্যরকম।

সম্প্রতি এক পডকাস্টে নিজের শিক্ষাজীবনের কথা বলতে গিয়ে মিথিলা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়ার সিদ্ধান্তটা অনেকটা হঠাৎ করেই নিয়েছিলেন। বিষয়টি বেছে নেওয়ার সময় তাঁর ধারণা ছিল, ‘রাষ্ট্রবিজ্ঞান’ নামের মধ্যে যেহেতু ‘বিজ্ঞান’ আছে, তাই বিষয়টি হয়তো বিজ্ঞান বিভাগের মতোই কিছু হবে।

মিথিলা এসএসসি ও এইচএসসি দুটিই বিজ্ঞান বিভাগ থেকে পাস করেন। পরে পরিবারের আর্থিক বাস্তবতার কারণে সরকারি বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়ার সিদ্ধান্ত নিতে হয়। ছোটবেলায় মায়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে যাওয়া-আসার স্মৃতিও বিশ্ববিদ্যালয়টি বেছে নেওয়ার ক্ষেত্রে তাঁর ওপর প্রভাব ফেলেছিল।

তিনি জানান, ভর্তি প্রক্রিয়ার সময় কলাভবনে রাষ্ট্রবিজ্ঞান, লোকপ্রশাসন, নারী ও জেন্ডার স্টাডিজ এবং অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ের নাম শুনে তিনি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন। কারণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের সঙ্গেই তাঁর বেশি পরিচয় ছিল।

মিথিলা বলেন, পরিবারের তিনিই প্রথম প্রজন্মের বিশ্ববিদ্যালয়পড়ুয়া। ফলে কোন বিষয় বেছে নেওয়া উচিত, এ বিষয়ে পরিবারের কাছ থেকেও তেমন দিকনির্দেশনা পাননি। শেষ পর্যন্ত ভর্তি সাক্ষাৎকারে রাষ্ট্রবিজ্ঞান বেছে নেন তিনি।

মজার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মিথিলা জানান, তখন তাঁর মনে হয়েছিল—বিষয়টির নামের মধ্যে ‘বিজ্ঞান’ আছে, তাই ‘বিজ্ঞান’ পড়ছেন! পরে অবশ্য রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর—দুই ডিগ্রিই সম্পন্ন করেন।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version