বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি।
আজ সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে তিনি দলের সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানাবেন এবং ফাতেহা পাঠ করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৫ সেপ্টেম্বর আলোচনা সভার আয়োজন করা হবে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হবে।
বিএনপির প্রতিষ্ঠা ও রাজনৈতিক পথচলা
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কে জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর বিভিন্ন সময় দলটি সরকার পরিচালনা করেছে এবং বিরোধী দল হিসেবেও দায়িত্ব পালন করেছে।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির নেতৃত্বে পরিবর্তন আসে। ১৯৮৩ সালে খালেদা জিয়া দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। পরবর্তীতে তিনি বিএনপির চেয়ারপারসন হিসেবে দলটির নেতৃত্ব দেন এবং তিন দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন।
২০১৮ সালের পর খালেদা জিয়া কারাবন্দী ও পরে অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকেন। ওই সময় তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ২০২৬ সালে তারেক রহমান বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব নেন। একই বছর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করে এবং তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন।
