জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দূরপাল্লা ও রাজধানীসহ বিভিন্ন মহানগর এলাকায় চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের বৈঠকে নতুন ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার দুপুরে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, নতুন ভাড়ার বিষয়ে গেজেট জারি করা হবে এবং গেজেট প্রকাশের পরই তা কার্যকর হবে।

মন্ত্রী বলেন, ভাড়া বাড়ানো সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ তৈরি করে। তবে জ্বালানি ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে যৌক্তিকভাবে ভাড়া সমন্বয়ের চেষ্টা করা হয়েছে।

এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। পরে মন্ত্রণালয়ের বৈঠকে উভয় ধরনের বাসের জন্য কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত হয়।

এদিকে ট্রেনের ভাড়া আপাতত বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন মন্ত্রী। তবে রেল ও লঞ্চের ভাড়া নিয়ে বৃহস্পতিবার বৈঠক হবে। লঞ্চ মালিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর দাবি রয়েছে বলেও জানান তিনি।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version