নিজস্ব প্রতিবেদক
ঢাকা
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাধনের ওপর হামলার ঘটনায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে কঠোর প্রতিবাদ জানাবে বাংলাদেশ। গতকাল জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
তিনি বলেন, ঘটনার পর রোমে বাংলাদেশ দূতাবাস ও মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বাধনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে।
হুমায়ুন কবির জানান, বাধন স্থানীয় পুলিশের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসেও আনুষ্ঠানিক অভিযোগ করবেন। এরপর তাঁর অভিযোগের বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরবে বাংলাদেশ।
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জাহরাত আদিব চৌধুরী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন বিষয়টি উত্থাপন করেন।
ভেনিসে কী ঘটেছিল
আজমেরী হক বাধন বর্তমানে ভেনিসে রয়েছেন তাঁর অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী উপলক্ষে।
বাধনের অভিযোগ, সোমবার ভাই, ভাবি ও তাঁদের চার বছর বয়সী শিশুর সঙ্গে একটি পার্কে সময় কাটানোর সময় কয়েকজন তাঁকে লক্ষ্য করে হামলা ও হয়রানি করেন। হামলাকারীরা তাঁর দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারেন। একপর্যায়ে তাঁর হাত থেকে মোবাইল ফোন ফেলে দেওয়া হয় এবং কানের কাছেও আঘাত করা হয়।
ঘটনার সময় তাঁর ভাইয়ের ছোট শিশুটিও সেখানে উপস্থিত ছিল বলে জানান বাধন। পরে তিনি স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেন।
হুমায়ুন কবির বলেন, ঘটনার পর তিনি প্রধানমন্ত্রীর পক্ষে বাধনের সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ঘটনার পর স্থানীয় পুলিশ দ্রুত সাড়া দিয়েছে বলেও জানান তিনি।
রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ অভিযোগ করেন, স্থগিত থাকা আওয়ামী লীগের কিছু কর্মী-সমর্থক এই হামলার সঙ্গে জড়িত ছিলেন। তবে এ বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনো জানা যায়নি।
এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদুর রহমান জানিয়েছেন, ইতালিতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ফেসবুকে দেওয়া এক পোস্টে বাধন অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় তাঁর ভূমিকার কারণে তাঁকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

