নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের ব্লু ইকোনমি বা সমুদ্রভিত্তিক অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। এতে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে উপস্থাপনা করেন মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান কমোডর শেখ মাহমুদুল হাসান (অব.)।
উপস্থাপনায় বাংলাদেশের ব্লু ইকোনমির বর্তমান অবস্থা, বিদ্যমান সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে সামুদ্রিক মৎস্য ও মেরিকালচার, বন্দর ও নৌপরিবহন, সমুদ্রভিত্তিক জ্বালানি, উপকূলীয় পর্যটন এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়।
ব্রিফিংয়ে সমুদ্রসম্পদের টেকসই ব্যবস্থাপনা ও সঠিক ব্যবহার নিশ্চিত করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্লু ইকোনমির সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়টি গুরুত্ব পায়।

