চট্টগ্রাম: পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তারে নগর ভবনে অভিযান চালানোর ২৪ ঘণ্টার মধ্যেই খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমকে বদলি করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে তাকে চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) বদলি করা হয়। একই আদেশে আকবরশাহ ও খুলশী থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

আদেশ অনুযায়ী, চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি করা হয়েছে। আকবরশাহ থানার ওসি মো. কামরুজ্জামানকে বদলি করে খুলশী থানার ওসি করা হয়েছে। আর খুলশী থানার ওসি আবদুর রহিমকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, বগা পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলার প্রধান আসামি। তাকে গ্রেপ্তারে খুলশী এলাকায় পুলিশের একটি অভিযানের সময় তার অনুসারীরা সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলা করেন বলে পুলিশ জানিয়েছে। এ সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।

পুলিশ জানিয়েছে, চাঁদাবাজি, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে বগার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। তিনি চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক।

এ ছাড়া গত ২৭ সেপ্টেম্বর খুলশী থানার ওয়্যারলেস কলোনির তালতলা এলাকায় হৃদয় নামে এক কিশোর হত্যার ঘটনায়ও বগাকে ঘিরে পুলিশের তদন্তে বিষয়টি আলোচনায় আসে। পুলিশ দাবি করেছে, দুই কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে ওই হত্যাকাণ্ড ঘটে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর বগার বাবা মো. জাবেদ ঘর ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগে খুলশী থানার ওসি আবদুর রহিমসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

খুলশী থানায় আবদুর রহিম দায়িত্ব নেওয়ার প্রায় এক মাস ১০ দিনের মধ্যেই বগাকে ঘিরে একাধিক ঘটনায় পুলিশের তৎপরতা আলোচনায় আসে। এর পরই তাকে সিটিএসবিতে বদলি করা হলো।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version