নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
উপাচার্যের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল এ সাক্ষাতে অংশ নেয়। প্রতিনিধিদলে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন, ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আশেক কবির চৌধুরী, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সাক্ষাৎকালে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের সার্বিক চিত্র রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। দায়িত্ব নেওয়ার পর গত দুই বছরে শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের মধ্যে জেলা-ভিত্তিক পারফর্মিং আর্টস কলেজ ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কলেজ প্রতিষ্ঠা, দ্রুততম সময়ে পরীক্ষার ফল প্রকাশ, ইংরেজি ও আইসিটি শিক্ষায় গুরুত্ব বাড়ানো, দেশব্যাপী শিক্ষক প্রশিক্ষণ এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারের বিষয়গুলো তুলে ধরা হয়।
এ ছাড়া দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করা এবং দেশের প্রান্তিক অঞ্চলের কলেজগুলোর শিক্ষার মান উন্নয়নে নেওয়া পদক্ষেপ সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানানো হয়।
রাষ্ট্রপতি এসব উদ্যোগের প্রশংসা করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিতে চ্যান্সেলর হিসেবে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। কারিকুলাম ও সিলেবাস আরও আধুনিক, কর্মমুখী ও সময়োপযোগী করার উদ্যোগের কথাও সাক্ষাতে তুলে ধরা হয়।
