আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। সোমবার এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেলেও মঙ্গলবার স্বর্ণের দামে বড় কোনো পরিবর্তন হয়নি।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১১টায় আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ছিল প্রতি আউন্স ৪ হাজার ৩০২ দশমিক ১৩ ডলার। এর আগে সোমবার স্বর্ণের দাম ৭ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। অন্যদিকে মার্কিন গোল্ড ফিউচারের দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৪১ দশমিক ৭০ ডলারে দাঁড়ায়।

ফেডারেল রিজার্ভ দুই দিনের বৈঠক শেষে বুধবার সুদের হারের সিদ্ধান্ত জানাবে। বাজারে ধারণা করা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে রাখবে।

তবে বিশ্লেষকদের মতে, সুদের হার বাড়ানোর চেয়ে ফেড চেয়ারম্যান কেভিন ওয়ারশের বক্তব্য বাজারে বেশি প্রভাব ফেলতে পারে। তিনি যদি ধারাবাহিকভাবে সুদের হার বাড়ানোর ইঙ্গিত দেন, তাহলে স্বর্ণের দামে চাপ তৈরি হতে পারে। বিপরীতে ধীর ও মধ্যম গতিতে নীতি কঠোর করার বার্তা এলে স্বর্ণের জন্য তা ইতিবাচক হতে পারে।

মুদ্রাস্ফীতি ও ভূরাজনৈতিক ঝুঁকির সময় স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করেন বিনিয়োগকারীরা। তবে সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণে বিনিয়োগের সুযোগব্যয় বাড়ে। এতে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমে যেতে পারে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে প্রতি আউন্স রুপার দাম ছিল ৬৩ দশমিক ২৫ ডলার। প্লাটিনামের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৭০ দশমিক ৮১ ডলার হয়েছে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ২৮৮ দশমিক ২৫ ডলারে নেমেছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version