গাজীপুরে কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রহরায় থাকা ‘পিচ্চি রাজা’ ওরফে বাদশা নামে এক আসামি পালিয়ে গেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে গাজীপুর নগরের কোনাবাড়ী থানার আওতাধীন নাওজোর হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।
কারাগার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় আদালতে হাজিরা শেষে অন্য বন্দিদের সঙ্গে ‘পিচ্চি রাজা’কে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছিল। পথে নাওজোর হাইওয়ে থানার সামনে পৌঁছালে তিনি টয়লেটে যাওয়ার কথা জানান। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে টয়লেটে নিয়ে গেলে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যান।
পুলিশের দাবি, ‘পিচ্চি রাজা’ রাজধানীর মোহাম্মদপুর এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
চলতি বছরের ১৯ মে নেপাল থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
পালিয়ে যাওয়ার পর তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

