নিজস্ব প্রতিবেদক
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের দিলকুশায় যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা।
রোববার (১১ অক্টোবর) বেলা ১২টার দিকে তাঁরা অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে দাবিগুলো জানান। পরে বেলা পৌনে ১টার দিকে পাঁচ দফা দাবি তুলে ধরে ঘেরাও কর্মসূচি শেষ করেন।
যুবশক্তির পাঁচ দফা দাবি
জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা পাঁচটি দাবি জানিয়েছেন। সেগুলো হলো—
১. প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের দায় নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ।
২. প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠন এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা।
৩. নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধ করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা।
৪. ভেরিফিকেশনের নামে হয়রানি এবং মৌখিক পরীক্ষায় নম্বর নিয়ে কারসাজি বন্ধ করা।
৫. বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ করা।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবি
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘প্রশ্নফাঁস বন্ধ করো, মেধার অধিকার নিশ্চিত করো’সহ বিভিন্ন স্লোগান দেন। তাঁরা নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বেকার তরুণদের কর্মসংস্থানের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম সমকালকে বলেন, শনিবারের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ থেকে বোঝা যায়, সরকার ও যুব মন্ত্রণালয় যুবকদের বিষয়ে যথাযথ গুরুত্ব দিচ্ছে না। তাঁর অভিযোগ, নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম ও নিয়োগ-বাণিজ্য চলছে।
তিনি আরও বলেন, এত বড় অভিযোগ ওঠার পরও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বক্তব্য পাওয়া যায়নি। এ কারণে প্রতিমন্ত্রীর পদত্যাগের পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
যুবশক্তির নেতারা তাঁদের দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে নিয়োগব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও মেধার মূল্যায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
