পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীসহ আটজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম পৃথক দুই ধারায় এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আট আসামি
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী ছাড়াও সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন রাজউকের সাবেক সদস্য এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক, মো. রেজাউল করিম তরফদার এবং আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ ও আশফাক আজিজ।
দুদকের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার শামীম হোসেন জানান, অপরাধমূলক অসদাচরণের দায়ে প্রত্যেক আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বিশ্বাস ভঙ্গের দায়ে তাঁদের প্রত্যেককে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাভোগ করতে হবে। দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাঁদের মোট সাত বছর কারাভোগ করতে হবে বলে জানান দুদকের কৌঁসুলি।
পূর্বাচলের দুটি প্লট বাজেয়াপ্তের আদেশ
রায়ে শওকত আজিজ ও আশফাক আজিজের নামে বরাদ্দ করা পূর্বাচল আবাসিক প্রকল্পের ১ নম্বর সেক্টরের ৪০৫ নম্বর সড়কের ১১ ও ১৩ নম্বর প্লটের বরাদ্দ বাতিল করা হয়েছে। প্লট দুটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশও দিয়েছেন আদালত।
প্লট দুটি ১০ কাঠা করে মোট ২০ কাঠার।
আদালতে অনুপস্থিত থাকায় গ্রেপ্তারি পরোয়ানা
আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু জানান, আসামিরা এত দিন জামিনে ছিলেন। তবে রায় ঘোষণার দিন তাঁদের কেউ আদালতে উপস্থিত হননি। এ কারণে আদালত তাঁদের জামিন বাতিল করে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
যেভাবে হয়েছিল মামলাটি
মামলার নথি অনুযায়ী, ২০০১ সালের ২৩ আগস্ট থেকে ২০১৪ সালের ২৩ অক্টোবরের মধ্যে রাজউকের কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ ওঠে।
অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ ও আশফাক আজিজের নামে পূর্বাচল আবাসিক প্রকল্পে ১০ কাঠা করে দুটি প্লট বরাদ্দ দেন। এতে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
এ ঘটনায় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি মতিঝিল থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস।
তদন্ত শেষে দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে মোট নয়জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।
