নরসিংদী শহরে বাসায় তালা দিয়ে দুর্গাপূজা উদ্যাপন করতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন সুখন চৌধুরী (৫০)। স্বপ্ন ছিল একটি ডাইং কারখানা গড়ে তোলার। সেই স্বপ্ন পূরণে গ্রামের জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন ভাড়া বাসার আলমারিতে। সঙ্গে ছিল স্ত্রীর আট ভরি স্বর্ণালংকার। কিন্তু পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার নরেশ চন্দ্র সাহার সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে। এ ঘটনায় শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সুখন চৌধুরী।
সুখন চৌধুরী নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইং কারখানায় কাজ করেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রামে। গত পাঁচ বছর ধরে স্ত্রী ও সন্তানদের নিয়ে নরসিংদী শহরের ওই ফ্ল্যাটে বসবাস করছেন তিনি।
পূজার ছুটিতে গ্রামের বাড়িতে, ফিরে দেখেন চুরি
সুখন চৌধুরীর স্ত্রী পূরবী পণ্ডিত জানান, দুর্গাপূজা উদ্যাপনের জন্য গত রোববার দুপুরে তাঁরা বাসায় তালা দিয়ে গ্রামের বাড়িতে যান। শুক্রবার রাত আটটার দিকে নরসিংদীর বাসায় ফিরে দেখেন, চাবি থাকা সত্ত্বেও ফ্ল্যাটের দরজা খুলছে না। তালা কাটার পরও দরজা খুলতে না পারায় তাঁদের সন্দেহ হয়।
পরে বাসার পেছনে গিয়ে তাঁরা জানালার গ্রিল কাটা দেখতে পান। স্থানীয়দের সহায়তায় জানালার গ্রিল দিয়ে ভেতরে প্রবেশ করেন সুখন চৌধুরী। এরপর ফ্ল্যাটের দরজা খুলে পরিবারের অন্য সদস্যরা ভেতরে ঢুকে দেখেন, ঘরের আসবাব ও জামাকাপড় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আলমারিও ভাঙা।
আলমারিতে রাখা কারখানা করার ৫০ লাখ টাকা ও স্ত্রীর আট ভরি স্বর্ণালংকার খুঁজে পাননি তাঁরা।
কারখানা করার স্বপ্ন ভেঙে যাওয়ার আক্ষেপ
সুখন চৌধুরী জানান, গ্রামের জমি বিক্রি করে পাওয়া টাকা দিয়ে একটি ডাইং কারখানা কেনার পরিকল্পনা করেছিলেন। এ বিষয়ে কথাবার্তাও চূড়ান্ত পর্যায়ে ছিল। কিন্তু চুরির ঘটনায় তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ভেঙে গেছে বলে আক্ষেপ করেন তিনি।
তিনি বলেন, বাসায় কেউ না থাকার সুযোগে গত ছয় দিনের মধ্যে কোনো একসময় চুরির ঘটনা ঘটেছে বলে তাঁর ধারণা।
সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন জানান, ফ্ল্যাটে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্তে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।
