পুলিশ কর্মকর্তারা জনগণের প্রত্যাশা বুঝতে ব্যর্থ হলে তাদের পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে পুলিশ সদস্যদের আরও জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘পুলিশ পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষ এখন আর পুলিশকে ‘রাজা-বাদশাহ’ হিসেবে দেখতে চায় না। তারা এমন একটি পুলিশ বাহিনী চায়, যারা জনগণের কাছাকাছি থাকবে এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, মাঠপর্যায়ের সদস্য থেকে শুরু করে আইজিপি পর্যন্ত প্রতিটি পুলিশ কর্মকর্তাকে জনগণ পুলিশের কাছে কী প্রত্যাশা করে, তা বুঝতে হবে। কোনো ধরনের অস্বাভাবিক বা অগণতান্ত্রিক আচরণ করা যাবে না এবং অধীনস্থদের এমন আচরণে উৎসাহ দেওয়াও চলবে না।
সালাহউদ্দিন আহমেদ জানান, দায়িত্ব পালনের সময় সৎ উদ্দেশ্যে কোনো পুলিশ সদস্যের ছোটখাটো ভুল হলে তা পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করা হবে। তবে কোনো কর্মকর্তা ফৌজদারি অপরাধে জড়ালে শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, আগের সরকার পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহার করেছে এবং অনেক কর্মকর্তাকে বেআইনি নির্দেশ পালন করতে বাধ্য করা হয়েছিল। বর্তমান সরকার পুলিশ সদস্যদের নিজেদের সংশোধন করে জনগণের আস্থা পুনরুদ্ধারের সুযোগ দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্বে অবহেলা এবং কিছু পুলিশ সদস্যের গোপনে নিষিদ্ধ শক্তিকে তথ্য বা সহায়তা দেওয়ার বিষয়ে সরকারের কাছে তথ্য রয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এ বিষয়ে ধীরে ও সতর্কতার সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির সভাপতিত্ব করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মঞ্জুর মোর্শেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ বছর মোট ৯৮ জন পুলিশ কর্মকর্তা বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পেয়েছেন।

