ভারতের মহারাষ্ট্রের পুনেতে একটি আবাসিক ভবন থেকে পড়ে ৩৩ বছর বয়সী এক নারী ও তাঁর ছয় বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকার থেরগাঁও-ওয়াকাডে অবস্থিত সিগনেচার পার্ক আবাসিক কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম একতা ভাংদে (৩৩) এবং তাঁর ছেলের নাম মাধব ভাংদে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে সন্দেহ করছে। তবে মা ও ছেলের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবাসিক কমপ্লেক্সের বাসিন্দারা একটি বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে মা ও ছেলেকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তাঁরা।
খবর পেয়ে ওয়াকাড থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সেগুলো হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার আগে ও পরের পরিস্থিতি জানতে আবাসিক ভবনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক তদন্তে মা ও ছেলের চলাচল সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেলেও ঘটনার পেছনের কারণ এখনো স্পষ্ট নয়।
নিহত একতা ভাংদে ও তাঁর পরিবার গত দুই বছর ধরে ওই আবাসিক কমপ্লেক্সে বসবাস করছিলেন। তাঁদের মূল বাড়ি ভারতের রাজস্থান রাজ্যে। একতার স্বামী মনোজ ভাংদে (৩৫) পুনের ইয়েরওয়াড়া এলাকার একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি করেন।
শুক্রবার সকালে মনোজ প্রতিদিনের মতো কর্মস্থলে চলে যান। ঘটনার সময় একতা ও তাঁর ছেলে বাসায় ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মা ও ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা জানতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

