গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ঢাকা জেলা জজ আদালত থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে প্রিজনভ্যান থেকে আসামি পিচ্চি রাজা পালানোর ঘটনায় দুই পুলিশ সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতাররা হলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের এসআই (প্রিজন) প্রবীর কুমার বিশ্বাস, প্রিজনভ্যানের চালক নায়েক কামাল হোসেন এবং পলাতক আসামি পিচ্চি রাজার সহযোগী তাসলিম। পলাতক আসামি পিচ্চি রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজার বয়স ৩৪ বছর। তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা।

সোমবার গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

পুলিশ কমিশনার বলেন, গত ২৭ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কোনাবাড়ী থানার বাইমাইল ব্রিজের প্রায় ১০০ গজ পশ্চিমে ২৯ জন আসামিকে নিয়ে একটি প্রিজনভ্যান ঢাকা জেলা জজ আদালত থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দিকে যাচ্ছিল। পথে ওই ভ্যান থেকে হাজতি পিচ্চি রাজা পালিয়ে যায়।

এ ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা হওয়ার পর ২৯ সেপ্টেম্বর তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) বিভাগের কাছে হস্তান্তর করা হয়। মামলাটি তদন্ত করছেন ডিবির পরিদর্শক সৈয়দ মিজানুর ইসলাম। তদন্তে সহযোগিতা করছে ডিবির একটি বিশেষ টিম।

পুলিশের তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, প্রিজনভ্যানটি পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে থামানো হয়েছিল। এ সময় প্রিজনভ্যানের ইনচার্জ এসআই প্রবীর কুমার বিশ্বাস চালক নায়েক কামাল হোসেনের কাছ থেকে গাড়ির চাবি নেন এবং হাজতি পিচ্চি রাজা ও খাইরুল বাশারকে ভ্যান থেকে বের করে আনেন।

পরে খাইরুল বাশারকে ভ্যানের সামনে নিয়ে চালকের আসনের পাশে বসানো হয়। তবে পিচ্চি রাজা ও এসআই প্রবীর কুমার বিশ্বাস আর প্রিজনভ্যানে ওঠেননি।

তদন্তে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলে অপেক্ষমাণ একটি প্রাইভেটকারে উঠে পিচ্চি রাজা পালিয়ে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে এসআই প্রবীর কুমার বিশ্বাস ঘটনাস্থলে ফিরে প্রিজনভ্যানে ওঠেন। তদন্তকারীদের দাবি, এরপর ঘটনাটিকে অন্যভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তদন্তে পাওয়া সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এসআই প্রবীর কুমার বিশ্বাস, প্রিজনভ্যানের চালক নায়েক কামাল হোসেন এবং পিচ্চি রাজার সহযোগী তাসলিমকে গ্রেফতার করা হয়েছে।

পলাতক পিচ্চি রাজাসহ এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version