নিজস্ব প্রতিবেদক
বিদেশে পাচার করা অর্থ ও সম্পদের মধ্যে আদালতের আদেশে জব্দ বা অবরুদ্ধ ব্যাংক হিসাবে সরকারের পাওনা কর ও শুল্ক আদায়ে সাত সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার।
রোববার (১৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব আফরোজা আখতার রিবার সই করা প্রজ্ঞাপনে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।
সরকারের পাওনা অর্থ আদায়ে সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে অ্যাটর্নি জেনারেলকে আহ্বায়ক করে কমিটিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে থাকছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক শাখার অতিরিক্ত সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মানিলন্ডারিং শাখার মহাপরিচালক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম শাখার ডিআইজি।
এ ছাড়া এনবিআরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
যে কাজ করবে কমিটি
প্রজ্ঞাপন অনুযায়ী, বিদেশে পাচার করা সম্পদের মধ্যে আদালতের আদেশে জব্দ বা অবরুদ্ধ ব্যাংক হিসাব থেকে সরকারের পাওনা কর ও শুল্ক আদায়ে প্রয়োজনীয় আইনগত ও অন্যান্য পদক্ষেপ নির্ধারণ করবে কমিটি।
এ জন্য বিদ্যমান আইন ও বিধিবিধান পর্যালোচনা করে সরকারের পাওনা অর্থ কীভাবে আদায় করা যাবে, কোন প্রক্রিয়ায় তা কার্যকর করা সম্ভব এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে কীভাবে সমন্বয় বাড়ানো যায়—এসব বিষয়ে সিদ্ধান্ত ও সুপারিশ দেবে কমিটি।
সরকারি বিভিন্ন সংস্থা বিদেশে পাচার করা সম্পদের তদন্ত, তথ্য সংগ্রহ, অর্থ লেনদেনের পথ শনাক্ত এবং আদালতের আদেশে জব্দ সম্পদ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। এসব কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়াতে কমিটি প্রয়োজনীয় সুপারিশও করবে।
সংশ্লিষ্ট সূত্রের মতে, বিদেশে পাচার করা সম্পদ উদ্ধারের পাশাপাশি জব্দ বা অবরুদ্ধ অর্থ ও সম্পদ থেকে সরকারের পাওনা কর ও শুল্ক আদায়ের জন্য একটি সমন্বিত কাঠামো তৈরিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সরকার আশা করছে, নতুন এই কমিটির মাধ্যমে পাচার করা অর্থ ও সম্পদ উদ্ধারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার হবে এবং রাষ্ট্রের আর্থিক স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হবে।

