নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবী ও রূপনগরের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে বিভিন্ন এলাকায় নতুন পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। একই সঙ্গে পল্লবীতে একটি সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধের সি ব্লকে গভীর নলকূপ ও মিনি রোড নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, পল্লবী ও রূপনগরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানির সংকটে ভুগছেন। স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন এলাকায় পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাউনিয়াবাঁধের সি ব্লকের পাশাপাশি ২ ও ৩ নম্বর ওয়ার্ডসহ প্রয়োজনীয় এলাকাগুলোতে পর্যায়ক্রমে পাম্প স্থাপন করা হবে।

তিনি জানান, কয়েকটি পানির পাম্প স্থাপনের জন্য ইতিমধ্যে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। আরও কয়েকটি স্থানের জন্য বরাদ্দের প্রক্রিয়া চলছে। ঢাকা ওয়াসাও দ্রুত এসব পাম্পের কাজ শুরু করতে কাজ করছে এবং কয়েকটি প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

আগামী পাঁচ বছরে পল্লবী ও রূপনগরের পানির সংকটসহ অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে সরকার কাজ করবে বলে আশ্বাস দেন আমিনুল হক। এ কাজে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

পানির সংকট নিরসনের পাশাপাশি বৃহত্তর মিরপুরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পল্লবীতে একটি সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, পল্লবীতে হাসপাতাল নির্মাণের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। হাসপাতালের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণে স্বাস্থ্য ও ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।

তিনি বলেন, পল্লবীসহ বৃহত্তর মিরপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি সরকারি হাসপাতাল। সেই হাসপাতাল নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে পল্লবী থানা বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি হাজী মো. বাদশা মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনিসুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version