নোয়াখালীর বেগমগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার চৌমুহনী চৌরাস্তা ও মীরওয়ারিশপুর এলাকায় অভিযান চালান বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। অভিযানে সহযোগিতা করে পুলিশ।
অভিযান সূত্রে জানা গেছে, বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য অস্থিরতার মধ্যে অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের পাইকারি ২ হাজার টাকা করে বিক্রির রশিদ পাওয়া যায়।
অভিযানকালে দেখা যায়, সরকার নির্ধারিত খুচরা মূল্য ১ হাজার ৮৩৭ টাকা। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের হিসাবে ক্রয়মূল্য ছিল ১ হাজার ৭৪২ টাকা। লোড-আনলোড, শ্রমিক, পরিবহন ও মুনাফা বিবেচনায় পাইকারি বিক্রয়মূল্য ১ হাজার ৯০২ টাকা হলেও ২ হাজার টাকার রশিদ পাওয়া যায়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪০ ধারায় মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে সালমা ট্রেডার্সকে ২৫ হাজার টাকা এবং তাহির কর্পোরেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তাদের অধিকার রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট তৈরি এবং অতিরিক্ত দামে বিক্রির সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

