নেপালে চলমান ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের সতর্ক করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ ও ট্রেকিং থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে এক সতর্কবার্তায় কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস জানায়, বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। টানা বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে ভূমিধস ও তুষারপাত হয়েছে, এতে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ায় উদ্ধার কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে।

পরিস্থিতির কারণে মানাংয়ের তিলিচো লেক, থোরং লা পাস, আইস লেক, কাং লা ও ভিমথাংসহ বিভিন্ন এলাকায় ট্রেকিং ইতোমধ্যে স্থগিত করেছে নেপালের কর্তৃপক্ষ।

এ ছাড়া পোখারা ও আশপাশের এলাকায় যাতায়াতের ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। ভূমিধসের কারণে কয়েকটি সড়ক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলুসহ পাহাড়ি ও ভূমিধসপ্রবণ এলাকায় ভ্রমণের আগে স্থানীয় সড়ক ও আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে তথ্য যাচাই করতে বলা হয়েছে।

নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে থাকার, নদীর তীর ও ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলার এবং যাত্রার আগে রাস্তা ও আবহাওয়ার সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রাভেল অপারেটর ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাস জানিয়েছে, তারা নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী আপডেট প্রকাশ করবে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version