আন্তর্জাতিক ডেস্ক
নেপালের উত্তর-মধ্যাঞ্চলে বুধি গণ্ডকী নদীতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রোববার (১১ অক্টোবর) স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) এ উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং রোববার রাত পর্যন্ত সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।
নদীর প্রবল স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি
বন্যার কারণ অনুসন্ধানে কাজ করছে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পাহাড়ঘেরা উপত্যকার মধ্য দিয়ে প্রবল স্রোতে পানি বয়ে যাচ্ছে। পানির তোড়ে ঘরবাড়ি ও ছোট ছোট স্থাপনা ভেসে যাচ্ছে। দুর্গম পাহাড়ি অঞ্চলের কতটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বুধি গণ্ডকী নদী ত্রিশূলী নদীর সঙ্গে মিলিত হয়েছে। এটি নেপালের রাজধানী কাঠমান্ডুর আশপাশের গুরুত্বপূর্ণ জলপথগুলোর একটি।
নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ
সরকারি সতর্কবার্তার পর কাঠমান্ডুর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সংযোগকারী মহাসড়কের পাশে অবস্থিত নদীতীরবর্তী শহর আরুঘাটের বাসিন্দাদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুর্গম পাহাড়ি এলাকায় বন্যায় ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ায় গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নতুন করে আকস্মিক বন্যার ঘটনায় নেপালের পাহাড়ি অঞ্চলে দুর্যোগ মোকাবিলা ও ক্ষতিগ্রস্ত মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
