সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের করমর্দনের একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিটি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তারেক রহমানের সঙ্গে নেতানিয়াহুর সাক্ষাতের দৃশ্য বলে দাবি করা হচ্ছে।
তবে প্রথম আলোর ফ্যাক্টচেক অনুযায়ী, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি বা সম্পাদনা করা হয়েছে। ছবিটির পক্ষে তারেক রহমান ও নেতানিয়াহুর সাক্ষাতের কোনো নির্ভরযোগ্য তথ্যও পাওয়া যায়নি।
যে ছবি থেকে সম্পাদনা করা হয়েছে
ফ্যাক্টচেক প্রতিবেদনে বলা হয়েছে, ছড়িয়ে পড়া ছবিটির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে তারেক রহমানের বৈঠকের একটি ছবির বেশ কিছু মিল রয়েছে।
২৪ সেপ্টেম্বর শাহবাজ শরিফের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে ওই বৈঠকের ছবি প্রকাশ করা হয়েছিল।
দুটি ছবি তুলনা করলে তারেক রহমানের লাল টাই, পরিচয়পত্র, কাচের দরজার হাতল, পেছনের দৃশ্য এবং দুই নেতার অবস্থানের মধ্যে মিল দেখা যায়। ফ্যাক্টচেক বিশ্লেষণে বলা হয়েছে, মূল ছবিতে শাহবাজ শরিফের জায়গায় নেতানিয়াহুর ছবি যুক্ত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এআই শনাক্তকরণেও মিলেছে প্রমাণ
ছবিটির প্রযুক্তিগত যাচাইয়ে Hive Moderation ও Image Whisperer নামের দুটি এআই শনাক্তকারী টুল ব্যবহার করা হয়। উভয় বিশ্লেষণেই ছবিটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে উঠে আসে।
এ ছাড়া Google-এর SynthID প্রযুক্তির মাধ্যমে ছবিটির নির্দিষ্ট অংশ বিশ্লেষণ করে ডিজিটাল ওয়াটারমার্ক শনাক্ত করা হয়েছে। এসব তথ্য একত্রে বিবেচনা করে ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা সম্পাদনার শক্ত প্রমাণ পাওয়া গেছে বলে ফ্যাক্টচেক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘ সফরে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের তথ্য নেই
২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় বক্তব্য দেন তারেক রহমান। সফরসূচি ও বিভিন্ন সংবাদ প্রতিবেদনে তার বিভিন্ন দেশের নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের তথ্য প্রকাশিত হয়েছে।
তবে ফ্যাক্টচেক প্রতিবেদনে বলা হয়েছে, এসব তথ্যের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তারেক রহমানের বৈঠকের কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নেতানিয়াহুর সঙ্গে তারেক রহমানের করমর্দনের ছবিটিকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর। ফ্যাক্টচেকের তথ্য অনুযায়ী, ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি বা সম্পাদনা করা হয়েছে।
