ঢাকা, ২৩ আগস্ট ২০২৬: নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালীব রহমান বলেছেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চায় সরকার। দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে রোববার সচিবালয়ে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আন্দালীব রহমান বলেন, সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক এবং জাতীয় ঐক্যের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
তিনি বলেন, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। গত ১৭ বছরে বিভিন্ন নিয়ন্ত্রণ ও বিধিনিষেধের মধ্যেও গণমাধ্যম সরকারের ব্যর্থতা, অনিয়ম ও দমন-পীড়নের নানা তথ্য মানুষের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
জুলাই আন্দোলনের সময় গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, ওই আন্দোলনে তাদের অবদান কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।
মন্ত্রী স্পষ্ট করে বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভূমিকা হবে নিয়ন্ত্রক, কিন্তু কোনোভাবেই গণমাধ্যম নিয়ন্ত্রণ করা নয়। তিনি বলেন, মন্ত্রণালয়ের কাজ হলো প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক কাঠামোর মাধ্যমে গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করা।
আন্দালীব আরও বলেন, দেশের সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতীয় গৌরবের বিষয়গুলো সংরক্ষণেও মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে।
তিনি বর্তমান সময়কে বাংলাদেশের ইতিহাসের অন্যতম কঠিন সময় হিসেবে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের স্বার্থ ও জনগণের কল্যাণে কাজ করছে। একই সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে গত ১৭ বছরে তৈরি হওয়া নৈতিক অবক্ষয় ও কাঠামোগত সমস্যাগুলো কাটিয়ে তুলতে সময় লাগবে বলেও মন্তব্য করেন।
বিচার বিভাগ, রাজনীতি, সাংবিধানিক ও আইনগত প্রতিষ্ঠান এবং সংসদসহ বিভিন্ন ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে, তা মেরামত করে নতুন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
এর আগে ২১ আগস্টের মন্ত্রিসভা পুনর্বিন্যাসে আন্দালীব রহমানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তিনি জাহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হয়েছেন।
