জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে অবস্থান করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির জাতিসংঘ প্রতিনিধি দলের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে নাম প্রকাশ না করার শর্তে দেওয়া বক্তব্যে ওই সূত্র জানায়, নিউইয়র্কে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা নিয়ে প্রকাশিত বিভিন্ন পরস্পরবিরোধী প্রতিবেদনের সঙ্গে বাস্তবতার মিল নেই।
ইরানি সূত্রের দাবি, কাতারের মধ্যস্থতায় গত মঙ্গলবার তেহরানের অবস্থান ও শর্তগুলো যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। এখন ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
সূত্রটি আরও জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ইরানি প্রতিনিধি দলের কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো দফা আলোচনার পরিকল্পনা নেই। নির্ধারিত কর্মসূচি শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মঙ্গলবার দেশে ফিরবেন বলে জানানো হয়েছে।
তবে আলোচনার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে গেছে—এমনটি নয়। ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহে ইরানের সঙ্গে আবারও আলোচনা হতে পারে বলে তিনি আশা করছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে চলতি সপ্তাহে নিউইয়র্কে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
