নগর জনস্বাস্থ্য সুরক্ষায় চলমান প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
একই সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে পৃথক দুটি নতুন প্রকল্প গ্রহণে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট’-এর অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ক্রিস্টোফ লেমিয়ের।
সভায় প্রকল্পটির অগ্রগতি, বাস্তবায়নের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্থানীয় সরকার বিভাগ, প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট ও বিশ্বব্যাংকের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়।
যেসব বিষয়ে কাজ চলছে
বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পটির আওতায় নগর এলাকায় মশক ও বাহকবাহিত রোগ নিয়ন্ত্রণ, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, দাবদাহ মোকাবিলা এবং বায়ু ও শব্দদূষণ কমাতে বিভিন্ন কার্যক্রম নেওয়া হচ্ছে।
এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জনসচেতনতা বাড়ানো এবং অসংক্রামক রোগ প্রতিরোধে প্রয়োজনীয় সুবিধা তৈরির উদ্যোগও রয়েছে।
প্রকল্পের আওতায় রয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং ঢাকার পার্শ্ববর্তী সাভার ও তারাব পৌরসভা।
নতুন প্রকল্পের আহ্বান
সভায় প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি দ্রুত কাজ শেষ করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
নগর পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য পৃথক দুটি নতুন প্রকল্প গ্রহণে বিশ্বব্যাংকের উদ্যোগ কামনা করেন তিনি।
সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
