ডায়াবেটিস, থাইরয়েড ও অন্যান্য হরমোনজনিত রোগের চিকিৎসা ও গবেষণার জন্য দেশে পৃথক এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তিনি বলেছেন, দেশে বিভিন্ন রোগের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান থাকলেও এন্ডোক্রাইনোলজির মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা বিষয়ে এখনো জাতীয় পর্যায়ের কোনো ইনস্টিটিউট গড়ে ওঠেনি। এ বিষয়ে সুপরিকল্পিত উদ্যোগ নিতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নবম আন্তর্জাতিক এন্ডোক্রাইন কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এ সম্মেলনের আয়োজন করে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বারডেম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠানে এন্ডোক্রাইনোলজি বিষয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে। তবে দেশে ডায়াবেটিস, থাইরয়েডসহ বিভিন্ন হরমোনজনিত জটিলতায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। এ কারণে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠার যৌক্তিকতা তুলে ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে ইনস্টিটিউট প্রতিষ্ঠার একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করা হলে সরকার এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিতে পারে। সাধারণ মানুষের চিকিৎসাসেবা ও গবেষণার স্বার্থে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিতে আগ্রহী।

ড. এম এ মুহিত তরুণ চিকিৎসকদের গবেষণায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ডায়াবেটিস, থাইরয়েড ও স্থূলতার মতো রোগ মানবদেহের শারীরবৃত্তীয় ও রোগতাত্ত্বিক বিভিন্ন প্রক্রিয়ার সঙ্গে জড়িত। এসব বিষয়ে তরুণ চিকিৎসকদের গবেষণার সুযোগ বাড়াতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, দেশের তরুণ গবেষকেরা আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে যৌথভাবে কাজ করবেন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে বাংলাদেশের গবেষণা ও উপাত্ত প্রকাশ করবেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন কর্মকাণ্ডে স্বাস্থ্য খাতসহ নানা ক্ষেত্রে বিভক্তি ও মানুষকে অসম্মান করার সংস্কৃতি তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী সেই বিভক্তি দূর করে দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। এ ধরনের ইতিবাচক চর্চা সমাজ ও স্বাস্থ্য খাতের উন্নয়নে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ড. ফারিয়া আফসানার সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনটির চিফ প্যাট্রন ফারুক পাঠান, ডা. নাসির উদ্দিন আহমেদ এবং রিসার্চ সেক্রেটারি ডা. নাজমা আক্তারসহ অন্যরা।

 

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version