বাংলাদেশ অন্য কোনো দেশের ভূরাজনৈতিক প্রতিযোগিতার ‘দাবার বোর্ড’ হতে চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশ নিজেদের স্বার্থ ও শর্তকে গুরুত্ব দিয়ে বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্ব এগিয়ে নিতে চায়।

শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক অধিবেশনে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ বর্তমানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অন্য খেলোয়াড়দের খেলার জন্য বাংলাদেশকে দাবার বোর্ড হিসেবে ব্যবহার করা হোক, তা তাঁরা চান না। বরং নিজেদের শর্তে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করতে চান।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্বের জন্য বাংলাদেশ প্রস্তুত। তবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের জনগণের স্বার্থ।

জ্বালানি নিরাপত্তায় বৈচিত্র্য আনার কথা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতিতে বাংলাদেশ অতীতে জ্বালানি সংকট ও বিদেশে থাকা বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিককে নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উৎস ও খাতের দিকে নজর দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, দেশের নিজস্ব গ্যাস ও এলএনজি সম্ভাবনাও কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, নতুন গ্যাসের উৎস অনুসন্ধানের পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার।

শামা ওবায়েদ বলেন, জ্বালানি খাতে বৈচিত্র্য আনার মাধ্যমে ভবিষ্যতে দেশের নির্ভরতা কমানো এবং নাগরিকদের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই লক্ষ্য।

রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্ব

রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে। এর ফলে দেশের অর্থনীতি ও সম্পদের ওপর চাপ তৈরি হয়েছে।

তবে মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের বিষয়ে সহযোগিতাপূর্ণ অবস্থান বজায় রেখেছে বলে উল্লেখ করেন তিনি।

শামা ওবায়েদের ভাষ্য, রোহিঙ্গাদের সম্মানজনক, নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবাসনের জন্য বন্ধুপ্রতিম দেশ, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বাংলাদেশ আলোচনা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে কার্যকর ও টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

বে অব বেঙ্গল কনভারসেশন

‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ প্রতিপাদ্যে এবারের বে অব বেঙ্গল কনভারসেশনের আয়োজন করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। সম্মেলনে বৈশ্বিক ক্ষমতার পরিবর্তন, প্রযুক্তি, আস্থা, পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে।

অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনেও সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version