জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির আয়োজিত সার্বভৌমত্ব র্যালিতে নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে অংশ নিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালির উদ্বোধন করেন তিনি। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হেঁটে র্যালিতে নেতৃত্ব দেন তারেক রহমান।
বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক র্যালিতে অংশ নেন। এ সময় তাঁদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে র্যালির পুরো এলাকা।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবনের পাশ দিয়ে হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।
র্যালির আগে বিকেল পৌনে ৩টা থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিতে তারেক রহমানের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, এজেডএম জাহিদ হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন।
এ ছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীরাও র্যালিতে উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার কথাও জানানো হয়েছে।
সূত্র: বাসস।

