২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নিয়ে করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন অভিনেত্রী তানজিন তিশা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত তাঁর আবেদন মঞ্জুর করেন।

তানজিন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের শুনানি শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তানজিন তিশা। তিনি জানান, পরিচিত এক বড় বোনের মাধ্যমে শাড়িটি উপহার হিসেবে গ্রহণ করেছিলেন। ওই ব্যক্তি শাড়ি পরে ছবি দেওয়ার অনুরোধ করেছিলেন। তবে সে সময় ‘সোলজার’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি ও কাজ নিয়ে ব্যস্ত থাকায় ছবি দিতে পারেননি।

তিশার ভাষ্য, তিনি পরে ছবি দেওয়ার কথা জানিয়েছিলেন। এমনকি শাড়িটির সঙ্গে পরার জন্য ব্লাউজও তৈরি করে রেখেছিলেন। কিন্তু এর মধ্যেই তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়।

তানজিন তিশা বলেন, প্রতারণার অভিযোগ আনার আগে তাঁকে বিষয়টি জানানো বা ব্যাখ্যা করার সুযোগ দেওয়া যেত। তবে এখন তিনি ঘটনাটির পেছনে কারা বা কেন জড়িত, তা জানতে চান না। তাঁর প্রত্যাশা, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তিনি ন্যায়বিচার পাবেন।

আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে তানজিন তিশা আরও বলেন, প্রয়োজনে এ বিষয়ে তাঁকে আরও কয়েকবার আদালতে আসতে হলেও তিনি আসবেন। তিনি আইনের প্রতি আস্থা রেখে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version