ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত আট শিক্ষার্থীকে ‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ও বৃত্তি’ দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজন পেয়েছেন গবেষণা পুরস্কার এবং ছয়জন পেয়েছেন গবেষণা বৃত্তি।
বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও বৃত্তির চেক তুলে দেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
যারা পেলেন পুরস্কার ও বৃত্তি
গবেষণা পুরস্কার পেয়েছেন অর্থী নবনীতা ও ফারাহ জাহান শুচি।
গবেষণা বৃত্তি পেয়েছেন ফারাহ জাহান শুচি, উসামা রাফিদ, আজরা হুমায়রা, কৌরিত্র পোদ্দার তীর্থ, মোহাম্মদ আল মুকিত ও মুহাম্মদ মুযযাম্মিল হক।
গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে পরিবার, শিক্ষক ও সমাজের বিভিন্ন মানুষের অবদান রয়েছে। ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠে এসব অবদানের প্রতিদান দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সুখী, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ে নিতে সরকারি অর্থায়নের পাশাপাশি বেসরকারি অংশীদারত্ব ও অ্যালামনাইদের সহযোগিতা প্রয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে অ্যালামনাইদের সম্পৃক্ত করে বড় পরিসরে এনডাউমেন্ট ফান্ড গঠনের ওপরও গুরুত্ব দেন উপাচার্য। শিক্ষার পাশাপাশি গবেষণার পরিবেশ আরও শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

