শ্রেণিকক্ষে বৈষম্যমূলক আচরণ, বর্ণবাদী মন্তব্য ও দ্বিচারিতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুবের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিভাগের শ্রেণিকক্ষে এ কর্মসূচি পালন করেন স্নাতকোত্তরের শেষ সেমিস্টারের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা মুখে কালো কাপড় বেঁধে ও লাল কার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানান।

নিকাব ও শ্রেণিকক্ষে বসা নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, গত ৭ অক্টোবর স্নাতকোত্তরের ক্লাস চলাকালে এক ছাত্রীর নিকাব পরা নিয়ে আপত্তিকর মন্তব্য করেন শিক্ষক তাসনীম সিরাজ মাহবুব। একই ক্লাসে একটি বেঞ্চে ছয়জন ছাত্রের বসা নিয়েও তিনি আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ করেন তাঁরা।

শিক্ষার্থী মো. নাইম হোসেন প্রথম আলোকে বলেন, শিক্ষক পরে ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তবে শিক্ষার্থীদের মতে, ওই বার্তায় একপক্ষীয় বক্তব্য তুলে ধরা হয়েছে। তাঁরা আরও অভিযোগ করেন, কয়েকজন শিক্ষক তাসনীম সিরাজ মাহবুবের পক্ষ নিচ্ছেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেও ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন।

ক্লাস নেওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত

শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে গত ৮ অক্টোবর ইংরেজি বিভাগের জরুরি সভায় তাসনীম সিরাজ মাহবুবকে ক্লাস নেওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়। তাঁর নেওয়া কোর্সগুলো অন্য শিক্ষকদের মধ্যে বণ্টন করা হয়।

এদিকে শিক্ষক তাসনীম সিরাজ মাহবুব বলেন, এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেই। তবে তাঁর ধারণা, শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা খর্বের চেষ্টা এবং ভিন্নমত প্রকাশের কারণে শিক্ষকদের হেনস্তার প্রতিবাদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফার কর্মসূচির পাল্টা হিসেবেই শিক্ষার্থীদের এই প্রতিবাদ করা হচ্ছে।

নিকাব নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন শিক্ষক

গত ১০ অক্টোবর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় তাসনীম সিরাজ মাহবুব বলেন, শ্রেণিকক্ষে নিকাব পরা এক শিক্ষার্থীকে পোশাক পরিবর্তন করতে, নিকাব খুলতে কিংবা ক্লাস ছেড়ে যেতে তিনি নির্দেশ দেননি।

তাঁর ভাষ্য, শিক্ষার্থীর চোখ দেখতে না পাওয়ায় তাঁকে শনাক্ত করা ও কার্যকর যোগাযোগ স্থাপনে অসুবিধা হচ্ছিল। এ কারণে তিনি নিজের অস্বস্তির কথা জানিয়েছিলেন।

এর আগে গত ১১ অক্টোবর শ্রেণিকক্ষে মুখে কালো কাপড় বেঁধে পাঁচ মিনিট নীরব প্রতিবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা। শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা খর্বের চেষ্টা এবং ভিন্নমত প্রকাশের কারণে শিক্ষকদের হেনস্তার প্রতিবাদে তিনি এ কর্মসূচি পালন করেন। পরে ব্যক্তিগত ফেসবুক পোস্টে বিষয়টি তুলে ধরেন।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version