ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। পরে ক্যাম্পাসের ভিসি চত্বর থেকে টিএসসি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর ধারাবাহিকতায় এ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
স্মারকলিপি প্রদানকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা উপস্থিত ছিলেন।
এর আগে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশগত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিয়মিত কার্যকর অভিযান পরিচালনার দাবি জানানো হয়েছে।
তিনি বলেন, গত ৪ আগস্ট উপাচার্যের কাছে দেওয়া স্মারকলিপিতে ডাস্টবিন স্থাপন এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাসহ যেসব নির্দিষ্ট দাবি জানানো হয়েছিল, সেগুলো বাস্তবায়নের বিষয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাগিদ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, সংগঠনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিয়ে বিভিন্ন কর্মসূচি চালানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে কোনো কর্মসূচি নিলে স্বেচ্ছাসেবার মাধ্যমে সহযোগিতা করা হবে।
তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখাগুলো আগামীকাল থেকে সংশ্লিষ্ট হল প্রশাসনের কাছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে স্মারকলিপি দেবে এবং আলোচনা করবে। পাশাপাশি আবাসিক শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হবে।
