নিজস্ব প্রতিবেদক

মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত হওয়ার পর নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র বলছে, যেকোনো সময় নতুন পূর্ণাঙ্গ বা আংশিক কমিটি ঘোষণা করা হতে পারে।

গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর থেকেই নতুন নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। সম্ভাব্য নেতৃত্বে জায়গা পেতে বিভিন্ন পর্যায়ের নেতারা তৎপরতা চালাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা, হামলা-মামলা ও নির্যাতনের মুখেও মাঠে থাকা, সাংগঠনিক দক্ষতা এবং বিতর্কমুক্ত ভাবমূর্তিকে নতুন কমিটি গঠনে গুরুত্ব দেওয়া হচ্ছে। তৃণমূলের সঙ্গে যোগাযোগ এবং সংগঠন পরিচালনায় অভিজ্ঞতাকেও বিবেচনায় নেওয়া হচ্ছে।

সদ্য বিলুপ্ত কমিটির নেতাদের পাশাপাশি ছাত্রদলের সাবেক নেতাদের নামও সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় রয়েছে।

সভাপতি পদে আলোচনায় যারা

সভাপতি পদে সদ্য বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজ, আইয়ুব আলী, তসলিম আহসান মাছুম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন এবং আদাবর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সালের নাম আলোচনায় রয়েছে।

সাধারণ সম্পাদক পদে যাদের নাম

সাধারণ সম্পাদক পদে সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু, তানভীর আহম্মেদ ইকরাম, আবু সালেহ চৌধুরী মানিক, সাবেক সদস্য ফরহাদ আলী সজীব, আরিফ হোসেন, ছাত্রদলের সাবেক নেতা মেহেদী হাসান রুয়েল, কামরুল ইসলাম ও রফী উদ্দিন ফয়সালের নাম আলোচনায় রয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নেতারা বলছেন, দলের কঠিন সময়ে যারা নেতাকর্মীদের পাশে ছিলেন, হামলা-মামলা ও নির্যাতনের মধ্যেও রাজপথে সক্রিয় ছিলেন এবং যাদের বিরুদ্ধে চাঁদাবাজি বা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ নেই, তাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

তাদের মতে, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কর্মকাণ্ডে ঢাকা মহানগর উত্তর যুবদলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এ কারণে সাংগঠনিকভাবে দক্ষ ও তৃণমূলের কাছে গ্রহণযোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভাপতি পদপ্রত্যাশী মনিরুল ইসলাম স্বপন বলেন, তিনি ২০০৩ সাল থেকে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ে যুবদলের দায়িত্ব পালন করছেন। আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন। দল তাঁর দীর্ঘদিনের ভূমিকা মূল্যায়ন করবে বলে তিনি আশা করেন।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version