রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের বাউনিয়াবাদ খাল পরিষ্কার করে ডেঙ্গুর প্রকোপ কমানোর পাশাপাশি খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
শনিবার সকালে পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।
আমিনুল হক বলেন, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার যে অভিযান শুরু হয়েছে, তার অংশ হিসেবে বাউনিয়াবাদ খাল পরিষ্কারের কার্যক্রম শুরু করা হয়েছে। এতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সিটি করপোরেশন ও বিএনসিসির একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে।
তিনি বলেন, খালটি পুরোপুরি পরিষ্কার করা সম্ভব হলে এলাকায় ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে কমে আসবে। পাশাপাশি খাল ও আশপাশের পরিবেশও আরও সুন্দর ও বসবাসযোগ্য হবে।
শুধু খাল পরিষ্কারে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে এর দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে খালটি পরিপূর্ণভাবে পরিষ্কার করার পাশাপাশি দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে এলাকায় একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা সম্ভব হবে।
আমিনুল হক আরও বলেন, এ বিষয়ে ইতিমধ্যে আলোচনা চলছে। সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে খাল পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
পল্লবী ও রূপনগর থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। পরিচ্ছন্নতা অভিযানে সিটি করপোরেশন ও বিএনসিসির প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
