তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামো চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জানুয়ারি থেকে নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত বেতন পাবেন শ্রমিকেরা।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এ বিষয়ে একমত হন। সকাল ১১টায় শুরু হওয়া সভা চলে দুপুর দেড়টা পর্যন্ত।
সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, শ্রমিকদের স্বার্থকে গুরুত্ব দিয়েই আলোচনা চলছে। আগামী সপ্তাহে বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে। সেখানে শ্রমিকদের নতুন মজুরির দাবির পক্ষে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন ও বিশ্লেষণ করা হবে।
সভা শেষে আন্দোলনরত শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন বলেন, শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নিয়েই বোর্ডে আলোচনা হচ্ছে। তাই আন্দোলন ছেড়ে শ্রমিকদের কাজে ফিরে যাওয়া উচিত।
অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, বিভিন্ন কারখানায় এখনো অনেক শ্রমিক বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস পাননি। এ কারণে শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। নতুন মজুরি কাঠামো যেন পুরো পোশাকশিল্পে যথাযথভাবে বাস্তবায়ন করা হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ওই বোর্ডের প্রথম সভাতেই ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত আসে।
তবে নতুন মজুরির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। আগামী সভাগুলোতে তথ্য-উপাত্ত পর্যালোচনা ও আলোচনার মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
