শিশু-কিশোরদের ডিভাইসের আসক্তি থেকে বের করে খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
তিনি বলেছেন, খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের শৃঙ্খলাবোধ, সাহস, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদকমুক্ত ও সুশৃঙ্খল সমাজ গঠনে বাংলাদেশ স্কাউটস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের আয়োজনে ‘মডেল কাব হলিডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, স্কাউটিংয়ের অন্যতম শিক্ষা হলো শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নিজের প্রতি নিষ্ঠা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরেরা খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ নানা কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করছে, যা ইতিবাচক।
তিনি বলেন, সন্তানদের ডিভাইসের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রাখতে হবে। একই সঙ্গে মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে শিশু-কিশোরদের সম্পৃক্ত করা জরুরি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সুস্থ জাতি গঠনে সরকার খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে। চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। নতুন শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য খেলাধুলাভিত্তিক বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
শিশু-কিশোরদের শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কার্যক্রমে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।
স্কাউটদের কার্যক্রম সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে আমিনুল হক বলেন, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় স্কাউটিং কার্যক্রম আরও বিস্তৃত করতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পরিবারের আস্থা, বিশ্বাস ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। সততা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের পরিবেশ পরিবার থেকেই তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, আগামী বাংলাদেশ হবে সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ। নতুন প্রজন্মকে একটি সুন্দর ভবিষ্যৎ দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশু-কিশোরদের মানবিক মূল্যবোধ ও শৃঙ্খলাবোধে গড়ে তুলতে স্কাউটরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়া শিশু-কিশোরদের অভিনন্দন জানান আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, অভিভাবক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
