বরগুনা প্রতিনিধি
বরগুনা সদর উপজেলার খাড়াকান্দা এলাকায় ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে নারকেল গাছ থেকে পড়ে আহত হয়েছেন দবির নামের এক ব্যক্তি। গাছ থেকে পড়ে যাওয়ার পর নিজে উঠে দাঁড়াতে না পেরে শেষ পর্যন্ত ওই বাড়ির মালিকের কাছেই উদ্ধারের জন্য ডাকতে হয় তাকে।
শনিবার (২৯ আগস্ট) সকালে বেলাল নামের এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডাব চুরির উদ্দেশ্যে নারকেল গাছে উঠেছিলেন দবির। একপর্যায়ে ভিমরুলের কামড়ে তিনি গাছ থেকে মাটিতে পড়ে যান। এতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলে পড়ে থাকেন।
পরে বাড়ির মালিককে ডেকে উদ্ধারের জন্য সাহায্য চান দবির। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
