নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালে সংঘটিত একটি হত্যা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে আদালত।

রোববার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিএমপির তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি ও তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৩ আগস্ট আদাবর থানায় মামলাটি করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় মামলাটি দায়ের করা হয়।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, কাজী হাবিবুল আউয়াল ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। ওই সময়ে ২০২৪ সালের জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে তৎকালীন সরকারকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে তিনি প্রত্যক্ষ ভূমিকা পালন করেন এবং নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার মূল রহস্য উদঘাটনের স্বার্থে তাঁকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

আগের মামলায়ও কারাগারে

২০২৪ সালের জাতীয় নির্বাচনসহ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে ভোট জালিয়াতি ও সাংবিধানিক লঙ্ঘনের অভিযোগে করা আরেকটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক এই সিইসি। ২০২৫ সালের ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ওই মামলায় তাঁর বিরুদ্ধে জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ভোট প্রভাবিত করতে মিথ্যা তথ্য দেওয়া ও রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

দীর্ঘ সময় কারাগারে থাকার পর বয়স ও শারীরিক জটিলতা বিবেচনায় গত ২১ সেপ্টেম্বর হাইকোর্ট তাঁকে পাসপোর্ট জমা রাখার শর্তে জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেন। এ বিষয়ে আপিল বিভাগে ২৬ অক্টোবর শুনানির দিন ধার্য রয়েছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version