নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‍্যাগিংয়ের পৃথক দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে মোট ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থীকে ৩ লাখ ৬৫ হাজার টাকা এবং ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়। গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী এ শাস্তি দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, জরিমানা পরিশোধ না করা পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীদের চলমান, টার্ম ফাইনাল ও পরবর্তী নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি স্থগিত থাকবে।

পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী

গত ২০ জুলাই রাত ১০টা থেকে ভোর ৩টা পর্যন্ত শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশে কয়েকজন জুনিয়র শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। অভিযোগে অমানবিক নির্যাতন, অকথ্য ভাষায় গালাগাল এবং কান ধরে ওঠবস করানোর মতো আচরণের কথা উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বিভাগের আট শিক্ষার্থীকে ৩৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে মো. জাহিদ হাসান, মো. ফজলে হাসান ফাহাদ ও সৈয়দ সাকিব আহমেদ রাতুলকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থী

অন্যদিকে, গত ৩ জুলাই রাতে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইতিহাস বিভাগের জুনিয়র শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। তাদের গালাগাল, কান ধরানো এবং ‘ম্যানার শেখানোর’ নামে র‍্যাগিং করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বিভাগের ১২ শিক্ষার্থীকে ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে মো. আবু আবতাহী অনিককে ৩০ হাজার টাকা এবং অন্য ১১ জনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ধারা ৩(২)(ঘ) অনুযায়ী এ শাস্তি দেওয়া হয়েছে। একই ধরনের অপরাধ ভবিষ্যতে পুনরায় হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে অফিস আদেশে সতর্ক করা হয়েছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version