সিলেট প্রতিনিধি
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে দুই দেশের মধ্যে সফরের সময়সূচি নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেটে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন এমজেএর নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, পারস্পরিক সম্মান, যোগাযোগ ও জাতীয় স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে হবে। এই সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জনগণের অধিকার ও স্বাধীনতার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের শক্তিশালী সম্পর্ক রয়েছে। একই সঙ্গে রাশিয়ার সঙ্গেও কার্যকর কর্মসম্পর্ক গড়ে উঠছে।
প্রধানমন্ত্রীর আসন্ন জাতিসংঘ সফর প্রসঙ্গে তিনি বলেন, নতুন বাংলাদেশের অগ্রগতির বার্তা নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘে যাবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনা এবং এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের চিঠি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বোয়িং কেনার ক্ষেত্রে কোনো ধরনের চাপ নেই। দেশের প্রয়োজনের কারণেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও উড়োজাহাজ কেনা হবে। প্রয়োজন অনুযায়ী বোয়িং বা এয়ারবাস—যেটি উপযুক্ত, সেটিই কেনা হবে।
এদিকে ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, বাংলাদেশ এ ধরনের কোনো নিরাপত্তা জোটে যোগ দিলে তা অস্বাভাবিক হবে না। জাতীয় স্বার্থ বিবেচনায় প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ সিদ্ধান্ত নেবে।
