নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। এর মধ্য দিয়ে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন।

এর আগে তাঁর বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথমবার ভাষণ দেন। তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া ১৯৯৩ সালের ১ অক্টোবর প্রথমবার সাধারণ পরিষদে বক্তব্য দেন। পরবর্তী সময়ে ১৯৯৫, ২০০২ ও ২০০৫ সালেও তিনি জাতিসংঘের বিভিন্ন অধিবেশনে বক্তব্য দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ৮১তম সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ২৪ সেপ্টেম্বর তাঁর মূল ভাষণ দেওয়ার কথা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়ন অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু অর্থায়ন, দারিদ্র্য বিমোচন এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় তুলে ধরবেন।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বাড়তি গুরুত্ব বহন করছে। কারণ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version