কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর বিকেলে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্জাগরণ, আইনের শাসন ও জবাবদিহি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, আধুনিক প্রযুক্তির ন্যায্য ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থা সংস্কারের বিষয় গুরুত্ব পাবে।

প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়ে ২৫ সেপ্টেম্বর রাতে দেশে ফেরার কথা রয়েছে। সফরে তিনি বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তাঁর সঙ্গে ৩৫ সদস্যের একটি প্রতিনিধিদল থাকবে। এ দলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত রয়েছেন।

সফরকালে প্রধানমন্ত্রীর পাঁচটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ও সুশাসন প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা সংকটের সমাধানসংক্রান্ত বৈঠক রয়েছে। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশ দুটি অনুষ্ঠানও আয়োজন করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়ে পররাষ্ট্রসচিব বলেন, বহুপক্ষীয় সফরের কর্মসূচিতে বিভিন্ন সময়ে পরিবর্তন আসতে পারে। এ বিষয়ে চূড়ান্ত কর্মসূচি পরিবর্তিত হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

এবারের সফর বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রসচিব। কারণ, এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম ভাষণ। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রীর এই সফরের আগে তিনি জাতিসংঘ আয়োজিত এসডিজি বিষয়ক এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version