নিজস্ব প্রতিবেদক
ঢাকা

আগামী ৪ সেপ্টেম্বর শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে বৃহস্পতিবার একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। সভায় জন্মাষ্টমীর বিভিন্ন অনুষ্ঠান ও শোভাযাত্রা ঘিরে নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তায় পিকেট ও টহল দল, সিসিটিভি ক্যামেরা, ফুট প্যাট্রোল, ছাদে নিরাপত্তা দল, মোটরসাইকেল মোবাইল টিম, ডিবি ও সাদা পোশাকের গোয়েন্দা দল, সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবে।

শোভাযাত্রা নির্ধারিত রুট ও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্রার্থনা ও আজানের সময় উচ্চ শব্দে মাইক বা লাউডস্পিকার ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ব্যাগ বা পোটলা না নেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে। আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ এবং দায়িত্ব পালনকালে নির্ধারিত ভেস্ট পরার নির্দেশনা দেওয়া হয়েছে।

কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে ডিএমপি। নিরাপত্তার দায়িত্বে সাদা পোশাকের সদস্য ও লাইনিং ফোর্সও মোতায়েন থাকবে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, রাজধানীর সনাতন ধর্মাবলম্বীদের জন্য শুভ জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। উৎসবটি নির্বিঘ্ন, সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন করতে ডিএমপি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেবে।

তিনি জানান, ডিএমপির প্রতিটি বিভাগের উপকমিশনার (ডিসি) সংশ্লিষ্ট জন্মাষ্টমী উদ্‌যাপন কমিটির সঙ্গে পৃথক সমন্বয় সভা করবেন এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও আয়োজকদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।

বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক লাইনের ব্যাপারেও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।

সভায় ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শাহিদুল্লাহ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে জন্মাষ্টমী উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি, রামকৃষ্ণ মঠ ও মিশন, ইসকন বাংলাদেশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডিএমপি জানিয়েছে, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে এবারের জন্মাষ্টমী উদ্‌যাপন সম্পন্ন করার প্রত্যাশা রয়েছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version