নারায়ণগঞ্জ প্রতিনিধি
জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ করেছেন, সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। তিনি বলেন, ওয়াদা দিয়ে তা বাস্তবায়ন না করায় জনগণ সরকারকে ক্ষমা করবে না।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইলে ঢাকা–চট্টগ্রাম লংমার্চের একটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, “এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। ওয়াদা দিয়ে ওয়াদা লঙ্ঘন করছে। জনগণ তাদের ক্ষমা করবে না।”
তিনি বলেন, জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথে থাকবেন। ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে জামায়াতের আমির বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে অনেক মানুষ রাজপথে ত্যাগ স্বীকার করেছেন। তাঁদের দাবিগুলো পূরণ হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে তাঁরা রাজপথে নেমেছেন। একই সঙ্গে মানুষের ঘরে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিও তুলে ধরেন তিনি।
পথসভায় ১১–দলীয় জোটের ঐক্যের কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ১১টি দল জনগণের পাশে রয়েছে এবং জনগণও তাঁদের সঙ্গে রয়েছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবিতে শনিবার সকালে রাজধানী থেকে ঢাকা–চট্টগ্রাম লংমার্চ শুরু হয়। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের শিমরাইলে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।
পথসভায় জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও খেলাফত মজলিসসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
