খেলা ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে চোটের কারণে ব্যাটিংয়ে না নামা পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হককে নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স বিভাগের পরিচালক আকিব জাভেদ। ইমামের চোট নিয়ে সন্দেহ প্রকাশ করে তাঁর বিরুদ্ধে তদন্ত এবং প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও’কে দেওয়া এক সাক্ষাৎকারে আকিব জাভেদ বলেন, ইমামের চোটের বিষয়টি নিয়ে তিনি ‘গভীরভাবে হতাশ’। তাঁর মতে, পেশিতে টান থাকার কারণে একজন ব্যাটসম্যান দুই ইনিংসেই পুরোপুরি ব্যাটিংয়ের বাইরে থাকতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
আকিব বলেন, ইমামের বিষয়টি তদন্ত করা হবে। তবে তিনি নিশ্চিতভাবে ইমাম চোটের ভান করেছেন—এমন দাবি করেননি।
লর্ডস টেস্টের একাদশে থাকা ইমাম দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে বাঁ পায়ের পেশিতে চোটের কথা জানান। পাকিস্তান ক্রিকেট বোর্ডও জানিয়েছিল, তাঁর পরবর্তী সময়ে খেলার বিষয়টি চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করবে। শেষ পর্যন্ত তিনি টেস্টের কোনো ইনিংসেই ব্যাট করতে নামেননি।
তবে টেস্টের চতুর্থ দিনের সকালে দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে ইমামকে অনুশীলন করতে দেখা যায়। এ নিয়ে ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রডসহ কয়েকজন সাবেক ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলেন।
এদিকে লর্ডস টেস্টে পাকিস্তানের বড় পরাজয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ওই ম্যাচের পর ইমামসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
দল নির্বাচন ও মাঠের পারফরম্যান্স নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন আকিব জাভেদ। বিশেষ করে পেস বোলার উবায়েদ শাহকে না খেলানো এবং দলের ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট আগামী ৯ সেপ্টেম্বর বার্মিংহামের এজবাস্টনে শুরু হওয়ার কথা রয়েছে।
