স্পোর্টস ডেস্ক

জুনিয়র এশিয়া কাপ হকিতে দুর্দান্ত জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

শনিবার চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচের প্রথম কোয়ার্টারে কোনো গোল করতে পারেনি বাংলাদেশ। তবে পরের তিন কোয়ার্টারে দুর্দান্ত আক্রমণাত্মক হকি খেলে প্রতিপক্ষের জালে সাতবার বল পাঠায় তারা।

বাংলাদেশের হয়ে সারিকা রিমন, ইরিন আক্তার ও নাদিরা এমা দুটি করে গোল করেন। দলের অপর গোলটি করেন কোনা আক্তার।

ম্যাচের ২০তম মিনিটে কোনার ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর তৃতীয় কোয়ার্টারে আক্রমণের গতি আরও বাড়িয়ে কয়েক মিনিটের ব্যবধানে চার গোল করে বাংলাদেশ। ইরিন ও এমা দুটি করে ফিল্ড গোল করেন।

চতুর্থ কোয়ার্টারেও আক্রমণ অব্যাহত রাখে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ৫১তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৬-০ করেন সারিকা। ছয় মিনিট পর আরেকটি পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করে দলের ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি।

দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

চায়নিজ তাইপের বিপক্ষে বড় জয়ের পর টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এবারের জুনিয়র এশিয়া কাপে ১০টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ রয়েছে চ্যালেঞ্জার পুলে। এই পুলে বাংলাদেশের সঙ্গে আছে কাজাখস্তান, পাকিস্তান, চায়নিজ তাইপে ও হংকং। অন্যদিকে এলিট পুলে খেলছে চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।

চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল এবং এলিট পুলের পাঁচ দল কোয়ার্টার ফাইনালে উঠবে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version