চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক ও নিহত নারীর তিন স্বজন আহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মতলব-গৌরীপুর সড়কের নাগদা বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সাদিয়া আক্তার (২৫)। তিনি উপজেলার গিলাতলী এলাকার ইসমাইল গাজীর স্ত্রী।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, সাদিয়া আক্তার তিন স্বজনকে নিয়ে গিলাতলী থেকে অটোরিকশায় করে নাগদা এলাকায় যাচ্ছিলেন। পথে এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে তারা সেখানে যাচ্ছিলেন। নাগদা বড়বাড়ির সামনে অটোরিকশাটি থামলে মতলব দক্ষিণ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ‘জৈনপুর পরিবহন’ নামে একটি বাস সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে অটোরিকশার যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। সাদিয়া গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক ও সাদিয়ার তিন স্বজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version