চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জৈনপুর পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও চারজন আহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে মতলব-নারায়ণপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া আক্তার (২৩) খাদেরগাঁও ইউনিয়নের গিলাতলী গাজী বাড়ির প্রবাসী ইসমাইল হোসেন গাজীর স্ত্রী। তাঁর তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
আহতরা হলেন অটোরিকশাচালক মো. ফারুক (৪২) এবং যাত্রী মো. জিলানী (৩২), হোসনে আরা (৪৫) ও পারভীন বেগম (৩৭)। তাঁদের সবার বাড়ি গিলাতলী গ্রামে এবং তাঁরা পরস্পরের আত্মীয়।
জানাজায় যাওয়ার পথে দুর্ঘটনা
স্থানীয়দের ভাষ্য, ফজরের নামাজের পর সাদিয়া আক্তারসহ কয়েকজন অটোরিকশায় করে নাগদা গ্রামের এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। নাগদা বড় বাড়ির সামনে অটোরিকশাটি থামানো অবস্থায় চাঁদপুর থেকে ঢাকাগামী জৈনপুর পরিবহনের বাসটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ও যাত্রীরা আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সাদিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক নুরে আলম।
আহতদের প্রাথমিক চিকিৎসার পর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে পারভীন বেগম, হোসনে আরা ও জিলানীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চালক-সহকারী পলাতক
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কে যান চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মতলব দক্ষিণ থানার এসআই দেলোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, দুর্ঘটনার পর জৈনপুর পরিবহনের বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। বাস ও অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

