আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে স্কুলগুলোতে বছরজুড়ে খেলাধুলার আয়োজন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে আব্বাস উদ্দিন উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, মানবিক ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যেই নতুন শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের হাতে ‘খেলাধুলা’ বই তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আমিনুল হক জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ ১০টি ইভেন্ট স্কুল পর্যায়ে চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। এর আওতায় ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, দাবা, মার্শাল আর্ট ও সাঁতারসহ বিভিন্ন খেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে।

তিনি বলেন, শুধু বছরজুড়ে পড়াশোনা নয়, শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগও দিতে হবে। এর মাধ্যমে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

অনুষ্ঠানে ঢাকা-১৬ আসনের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ মঈনুল হক মইন, আব্বাস উদ্দিন উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ লিটন এবং বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবীশসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে। এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মিরপুর সেকশন-১১-এর ব্লক-বি ও ১০ নম্বর সি-ব্লকসংলগ্ন এলাকায় ওয়াসার দুটি পানির পাম্প এবং মাইয়্যেতখানার উদ্বোধন করেন। পরে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নেন তিনি।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version